রাজ্য

ফ্রি বাস পরিষেবায় আপত্তির সুর, ভাড়া দিতে ইচ্ছুক মহিলাদের জন্য বিকল্পের আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের যাতায়াতের ব্যবস্থা। যে কোনও দূরত্বে সরকারি বাসে সফর করলেও তাঁদের আর ভাড়া দিতে হচ্ছে না। তবে এই উদ্যোগ নিয়ে সব মহিলা একমত নন। অনেকেই নিজের খরচে টিকিট কেটে যাতায়াত করতে চান। একইসঙ্গে বাসকর্মীদের একাংশও এই ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে বিষয়টি ঘিরে প্রায়ই বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন অবস্থায় ভাড়া দিয়ে সফর করতে ইচ্ছুক মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে ৫০টি নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যারা ভাড়া দিতে চান, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা প্রয়োজন।

নতুন সরকারের আমলে পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রো পরিষেবার সম্প্রসারণ, পরিবেশবান্ধব বাস রাস্তায় নামানো থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতিমধ্যেই নজর কেড়েছে। এর মধ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত বিশেষভাবে আলোচিত। এই সুবিধা পেতে চালু করা হয়েছে ‘পিঙ্ক স্মার্ট কার্ড’। সেই কার্ড দেখালেই আর আলাদা করে ভাড়া দিতে হয় না। অধিকাংশ মহিলা এই উদ্যোগকে স্বাগত জানালেও স্বনির্ভর ও কর্মজীবী মহিলাদের একাংশের দাবি, তাঁরা নিজেদের উপার্জনের অর্থেই ভাড়া মিটিয়ে যাতায়াত করতে চান। পাশাপাশি কিছু মহিলার অভিযোগ, বিনামূল্যে পরিষেবার কারণে অনেক সময় বাসচালক বা কন্ডাক্টররা মহিলা যাত্রী দেখেও নির্দিষ্ট স্টপেজে বাস থামান না। ফলে যে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়েছিল, তা অনেক ক্ষেত্রেই বিতর্কের কারণ হয়ে উঠছে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মা-বোনদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছি। কিন্তু শুনছি, অনেকেই টিকিট কেটে ভ্রমণ করতে চান। কেউ কেউ বলছেন, তাঁরা ভালো উপার্জন করেন, তাই বিনা ভাড়ায় যাতায়াত করতে স্বচ্ছন্দ নন। তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হবে।”

পরিবহণ পরিষেবাকে আরও উন্নত করার পাশাপাশি দূষণ কমাতেও জোর দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আরও ৫০টি পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ পরিবহণ দপ্তরের শীর্ষ আধিকারিকরা। নতুন বাসগুলির মধ্যে ৪৩টি সিএনজি-চালিত এবং ৭টি সম্পূর্ণ ব্যাটারিচালিত। আগামী দিনে এই ধরনের পরিবেশবান্ধব বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.