সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায়ই পশুদের নানা অদ্ভুত কীর্তিকলাপ আমাদের চোখে পড়ে। এবার ভাইরাল হয়েছে এক হনুমানের ভিডিও, যা দেখে হাসি চাপা রাখা একপ্রকার অসম্ভব! লাফঝাঁপ করা বা গাছে চড়া এসব তো হনুমানদের চিরপরিচিত আচরণ। কিন্তু আরাম করে পোশাক পরে ফোন ঘাঁটছে এমন দৃশ্য আগে কখনও দেখেছেন?
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক হনুমান চুপচাপ শুয়ে ফোনে মগ্ন। শর্টস ও শার্ট পরা সে হনুমানটি যেন কোনো সাধারণ প্রাণী নয়, বরং মোবাইলপ্রেমী এক নগরবাসী! মাথার নিচে বালিশ, এক পা আরেক পায়ের উপর তুলে, আর হাতে মোবাইল নিয়ে সে এমনভাবে স্ক্রিনে চোখ রাখছে যেন ভীষণ জরুরি মিটিংয়ে অংশ নিচ্ছে! তার এই অদ্ভুত আর স্বস্তিদায়ক ভঙ্গিতে নেটদুনিয়া তোলপাড়।
ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন “এমন মনোযোগ দিয়ে আমি কাজ করতে পারি না!” কেউ আবার লিখেছেন “এ তো দেখি মানুষের থেকেও আধুনিক ” হনুমান!” কমেন্ট সেকশন ভরে গেছে হেসে কুটিপাটি হওয়া দর্শকদের ইমোজিতে।
প্রসঙ্গত, এর আগেও দেখা গেছে, এক হনুমান মানুষের পাশে বসে মজার রিল দেখছে। একপর্যায়ে সে নিজেই ফোনে হাত চালিয়ে স্ক্রল করে আরও ভিডিও খুঁজতে থাকে! স্ক্রিনে যা দেখে তাতে সে নিজের আঙুল বাড়িয়ে কিছু ধরারও চেষ্টা করেছিল, যা দেখে হাসির রোল উঠেছিল দর্শকদের মধ্যে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল হনুমান এখন ‘ডিজিটাল যুগের প্রাণী’ বললেই বাড়িয়ে বলা হবে না!







