দুর্গাপূজার আর মাত্র কয়েকটা দিন বাকি। এই সময়ে বাড়ি ফেরা থেকে শুরু করে পুজোর কেনাকাটা সব কিছুর জন্যই ভিড় জমে ওঠে স্টেশনে। যাত্রী চাপ সামলাতে তাই বিশেষ প্রস্তুতি নিল ভারতীয় রেল। রেলের তরফে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশেষ নিয়ম চালু থাকবে। এই সময়ে শিয়ালদহ ডিভিশনে কোনো গ্যালপিং লোকাল চলবে না। প্রতিটি লোকাল ট্রেনই সব স্টেশনে থামবে, যাতে যাত্রীদের ওঠা-নামায় সমস্যা না হয়।
যাত্রী সেবার উন্নতির জন্য টিকিট কাউন্টার সংখ্যা বাড়ানো হয়েছে। সাধারণত শিয়ালদহ স্টেশনে ২১টি কাউন্টার খোলা থাকে, তবে পুজোর দিনগুলোতে সবগুলো চালু রাখা হবে। পাশাপাশি চালু থাকবে ১০টি মোবাইল ইউটিএস এবং ১৭টি এটিভিএম মেশিন। ভিড় সামলাতে বাড়তি বুকিং ক্লার্কও নিযুক্ত করা হচ্ছে।
পুজোর সময় শিয়ালদহ স্টেশনের বাইরে গাড়ি পার্কিং পুরোপুরি বন্ধ থাকবে। ভিড় এড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৭টা পর্যন্ত ট্রলির চলাচলও বন্ধ থাকবে।
মেল ও এক্সপ্রেস ট্রেন যাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্টভাবে বলা হয়েছে, ওই পাঁচ দিনে এসব ট্রেন শুধুমাত্র ৯, ১১, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে ও পৌঁছবে। সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রেল কর্তৃপক্ষ অতিরিক্ত সার্ভিস ইঞ্জিনিয়ারকেও দায়িত্বে রেখেছে।







