গিরিশ পার্কে এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তেজনা ছড়ায়। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ওই যুবক সৌম্যদিত্য কুণ্ডু পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়ে সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। বাড়ি ফেরার পর থেকেই তিনি চুপচাপ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে পরিবার। কিন্তু এমন পরিণতির কথা ভাবতে পারেননি কেউই।
পুলিশ সূত্রে জানা গেছে, গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে মধু রায় লেনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে সৌম্যদিত্যের দেহ উদ্ধার হয়—যা আসলে তাঁদের পৈতৃক ভিটে। বাড়িটি বহুদিন ধরে প্রায় অচল অবস্থায় পড়ে ছিল। মাঝেমধ্যে সৌম্যদিত্য সেখানে যেতেন। বুধবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। রাত বাড়লেও কোনও খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। শেষ পর্যন্ত সন্দেহ হওয়ায় তালা ভেঙে ঢোকে পরিবার। সেখানেই মিলেছে ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে পৌঁছে গিরিশ পার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই মৃত্যুকে আরও জটিল করেছে সৌম্যদিত্যের ব্যবহৃত ট্যাবে থাকা একটি শব্দ—‘LOST’। সাদা কাগজে লেখা সেই শব্দটি দেখে তদন্তকারীরা বিভ্রান্ত। কেন সেই শব্দ লিখেছিলেন যুবক? তা কি হতাশার ইঙ্গিত, নাকি অন্য কোনও সংকেত? পুলিশের পাশাপাশি পরিবারের সদস্যরাও এর উত্তর খুঁজে পাচ্ছেন না।
পরিবারের দাবি, দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণ শেষে দেশে ফিরে সৌম্যদিত্য অত্যন্ত চুপচাপ হয়ে যায়। মানসিকভাবে বিপর্যস্ত মনে হওয়ায় কয়েকদিন আগে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর ভিতরে এমন চাপ বা অশান্তি ছিল, যা মৃত্যুর দিকে ঠেলে দেবে—তা কেউই আন্দাজ করতে পারেননি।
ট্যাবটি সাধারণত লক থাকত, কিন্তু ঘটনার দিন সেটি আনলক অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, যুবকের শেষ মুহূর্তগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকতে পারে সেই ডিভাইসেই।
এই রহস্যমৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গিরিশ পার্ক থানার পুলিশ। পরিবারের শোকের মধ্যেই এখন একটাই প্রশ্ন—সত্যি কী হারিয়েছিল সৌম্যদিত্য?







