কলকাতারাজনীতিরাজ্য

পাহাড়ে ম্যানগ্রোভ! মুখ্যমন্ত্রীর নির্দেশে তীব্র কটাক্ষ শুভেন্দুর, “মূর্খ মন্ত্রী” মন্তব্যে চড়ল রাজনৈতিক তাপমাত্রা

কলকাতা: উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ধ্বস রোধে ম্যানগ্রোভ ও ভেটিভার ঘাস রোপণের নির্দেশ দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ম্যানগ্রোভ আর ভেটিভার ঘাস লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ কংক্রিটের থেকেও শক্ত, কংক্রিট ছ’মাসে ভেঙে যায়। আমি টাকা জলে ফেলতে পারি না। ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব আছে— যদি গঙ্গাসাগরে ৫ কোটি গাছ লাগানো যায়, তাহলে উত্তরবঙ্গেও লাগানো যাবে না কেন?”

“ভূগোল-বোটানিতে নোবেল দিন তাঁকে”— কটাক্ষ শুভেন্দুর
এই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স (X)-এ মুখ্যমন্ত্রীর বক্তব্যের ক্লিপ শেয়ার করে তিনি লেখেন,

“আমাদের ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপ্ত ‘মূর্খ মন্ত্রী’ ভূগোল ও বোটানিতে নোবেল পুরস্কার পাবেন, পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর ঐতিহাসিক প্রচেষ্টার জন্য!”

শুভেন্দুর কটাক্ষে আরও শোনা যায়, “ম্যানগ্রোভ বা লবণাম্বু হলো এমন উদ্ভিদ যা কেবলমাত্র উপকূলবর্তী নোনা জলে জন্মায়। মুখ্যমন্ত্রী পাহাড়ে তা লাগিয়ে বন্যা রোধ করতে চান! পশ্চিমবঙ্গ এখন ওনার কারণে দেশের হাস্যাস্পদ হয়ে পড়েছে।”

ম্যানগ্রোভ আসলে কী?
ম্যানগ্রোভ বা লবণাম্বুজ এক বিশেষ প্রজাতির উদ্ভিদ, যা নোনা বা লবণাক্ত জলে বেড়ে ওঠে। উপকূলবর্তী অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা, ঘূর্ণিঝড় প্রতিরোধ, উপকূল ক্ষয় রোধে ম্যানগ্রোভ বন এক প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। সুন্দরবনের বাদাবন এই বাস্তুতন্ত্রেরই এক অনন্য উদাহরণ। ফলে পাহাড়ি ঢালে এমন প্রজাতির চারা রোপণ কতটা কার্যকর হবে, তা নিয়েই উঠছে প্রশ্ন।

‘ভুটানের জল কমাতে হবে’— প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
দার্জিলিং-ক্যালিম্পং প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভুটানের জল কমাতে হবে। ওদেরও আমাদের সাহায্য করতে হবে। ওদের বাঁধের জল যাতে উত্তরবঙ্গকে ডোবাতে না পারে, তার একটা সমাধান বের করতে হবে।”
তিনি অভিযোগ করেন, “ডিভিসি ২০ বছর ধরে ড্রেজিং করছে না। কলকাতা-হলদিয়া-ফরাক্কা কোথাওই ড্রেজিং হয় না। ফলে বন্যার ক্ষতি আরও বাড়ছে।”

বিজেপির আক্রমণ বনাম তৃণমূলের প্রতিরক্ষা
রাজ্যের বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী “পরিবেশ ও ভূগোল সম্পর্কে অজ্ঞ” মন্তব্য করেছেন। অন্যদিকে তৃণমূল শিবিরের যুক্তি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের “মূল ভাবনা ছিল সবুজ রক্ষাকবচ বাড়ানো ও বিকল্প প্রাকৃতিক প্রতিরোধ তৈরি করা”, যা রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হচ্ছে।

প্রেক্ষাপট
গত কয়েক সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারসহ পাহাড়ি জেলাগুলিতে একাধিক ভূমিধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে “টেকসই সবুজ উদ্যোগ” নেওয়ার নির্দেশ দেন। তবে “ম্যানগ্রোভ” শব্দটি ব্যবহারের পরই তা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.