কলকাতা

নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ–খুনকাণ্ডে নতুন মোড়! চতুর্থ গ্রেফতার, জাল আরও গোটাচ্ছে পুলিশ

নিউটাউন-দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে ভয়ংকর তথ্য। বৃহস্পতিবার কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বিবেকানন্দ সরকার নামে আরও এক অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, খুনের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল বিবেকানন্দ এবং মারধরেও সে সক্রিয়ভাবে যুক্ত ছিল। এর আগে পুন্ডিবাড়ি থেকেও আরও একজনকে আটক করা হয়েছিল। তদন্তকারীরা মনে করছেন, মোট ৫ থেকে ৬ জন এই অপহরণ–খুন চক্রে জড়িত।

২৮ অক্টোবর ঠিক কী ঘটেছিল?

অভিযোগ, নীল বাতি লাগানো দু’টি কালো-সাদা গাড়িতে করে অপহরণ করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা এবং তাঁর পরিচিত গোবিন্দ বাগকে। দত্তাবাদ রোডের একাধিক দোকানের সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া গেছে সেই দুটি গাড়ির স্পষ্ট ছবি। স্থানীয়দের দাবি—একই দুটি গাড়িতে করেই অপহরণ করা হয় ওই দুই ব্যক্তিকে। ফুটেজে দেখা যায়, জোর করে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। এমনকি, বাড়ির মালিকেরও অপহরণের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ।

তৃণমূল ব্লক সভাপতি সজল সরকারের সরাসরি যোগ

এই নৃশংস ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারকে। ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে জেরা করে উঠে আসে সজল সরকারের নাম। পুলিশ সূত্রে জানা যায়, রাজু ঢালির ফোনে থাকা একটি ভিডিও তদন্তের মোড় ঘুরিয়ে দেয়—যেখানে বাঁশ, লাঠি ও বেল্ট দিয়ে স্বপন কামিল্যাকে মারধরের দৃশ্য স্পষ্ট দেখা যায়। ভিডিওতে উপস্থিত ছিলেন সজল সরকারও। এরপরই শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট।

BDO-র গাড়ির ছায়া, আরও বিস্তার পাচ্ছে তদন্ত

এই ঘটনায় নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণেরও। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তাঁর সরকারি গাড়ির চালক রাজু ঢালি এবং ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপা। তদন্তে মিলেছে নীলবাতি লাগানো একটি ফরচুনা গাড়ি—যেটি ব্যবহার করে অপহরণ, খুন ও দেহ পাচারের চেষ্টা হয়েছিল বলে সন্দেহ পুলিশের।

পুলিশের দাবি—অনেক কিছুই এখনও সামনে আসা বাকি

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের জেরা করে মিলছে একের পর এক গুরুত্বপূর্ণ সূত্র। চক্রটি সংগঠিত এবং এই অপহরণ–খুনের পিছনে আর্থিক লোভই মূল প্ররোচনা বলেই মনে করছেন তাঁরা। আরও গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

নৃশংস এই হত্যাকাণ্ডে রাজ্যের রাজনৈতিক মহলেও তোলপাড় সৃষ্টি হয়েছে। অপহরণ, নীলবাতি, ক্ষমতাসীন দলের নেতার নাম—গোটা ঘটনাই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.