সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনের মামলায় বড় ধাক্কা খেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। আগামী শুক্রবার, অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিশ্নোই-এর ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, খুনের মামলায় অভিযুক্ত প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণ করতেই হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আত্মসমর্পণের পরেই তিনি জামিনের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্তকারী সংস্থা যদি অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়, তাহলে তা বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে নিম্ন আদালত।
উল্লেখ্য, সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনাটি ঘিরে প্রথম থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ায়। এক জন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে, অভিযুক্তের ভূমিকা ঠিক কতটা এবং ভবিষ্যতে মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়—তা নিয়ে নজর থাকবে রাজ্য তথা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও আপডেট খুব শীঘ্রই প্রকাশ করা হবে।







