কলকাতাবইপড়ারাজনীতি

অনশন-আন্দোলনেও হল না শেষরক্ষা! জারি হল প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু আজ থেকেই

এত চিৎকার, হাহাকার, আন্দোলন, অনশনেও কাজ হল না শেষ অবধি। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ১১,৭৬৫টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকেই অনলাইনে আবেদন জানানো যাবে। ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছিলেন কিন্তু নিয়োগ হয়নি, তাঁরা সকলেই আবেদন করতে পারবেন। অতএব, যে দাবিতে আমৃত্যু অনশনের পথে হেঁটেছিলেন টেট উত্তীর্ণরা, সেই দাবি সম্পূর্ণ অগ্রাহ্য করল শিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালেই বাম ছাত্র-যুব সংগঠনের সঙ্গে পুলিসের বচসায় তপ্ত হয়ে ওঠে সল্টলেক চত্বর। টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বাম ছাত্র-যুব কর্মী সমর্থকদের। সাধারণ মানুষদেরও হেনস্থার অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘পুলিস এই আন্দোলন দেখে ভয় পেয়েছে।’ বাম ছাত্র সংগঠনের আরও অভিযোগ, ‘রাতের অন্ধকারে মহিলাদের ওপর নির্মম অত্যাচার করেছে পুলিস। পর্যাপ্ত মহিলা পুলিস না থাকায় পুরুষ কর্মীরাই মহিলাদের ধরপাকড় করে।’

উল্লেখ্য, ২০১৪ সালের টেট উত্তীর্ণ নট-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, দু’বার ইন্টারভিউ দিয়েও নিয়োগপত্র পাননি তাঁরা। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফের অংশগ্রহণ করবেন না তাঁরা। সরাসরি নিয়োগ প্রয়োজন। এই দাবিতেই গত কয়েকদিন সল্টলেকের রাস্তায় অনশন করেছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, এর প্রেক্ষিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর উবাচ, ‘আমরা চাকরি দিতে চাই। বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। যারা ন্যায্য চাকরিপ্রার্থী তাদের আমরা ভালোবাসি। বর্ধমান, হাওড়া, হুগলি সব জায়গায় যার যেমন যোগ্যতা আছে, সেখানে সে সেরকম চাকরি পাবেন।’ আমরা ১১ বছরে অনেক কাজ করেছি, আগামী দিনে আরও অনেক কাজ হবে। কিন্তু দেশে ৪০ শতাংশ বেকার বেড়েছে অবশ্যই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.