রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর , বুধবার ও বৃহস্পতিবার ধরে , নতুন বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলেছে । এদিন প্রথমবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন কুণাল ঘোষ । আর তারপরই এক বেনজির দৃশ্য দেখা বিধানসভায় । মুখোমুখি শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ ।
যাঁদের সবসময় একে অপরের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে, সেই দু’জনের মুখেই এদিন ধরা পড়ল প্রশস্ত হাসি। শুধু সৌজন্য বিনিময়েই থেমে থাকেননি তাঁরা, বরং একে অপরকে আলিঙ্গন করলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ ও কুণাল ঘোষ।
জানা গিয়েছে, এদিন বিধানসভার লবিতে হাঁটার সময় কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সদ্য শপথ গ্রহণ করে বেরিয়েছিলেন কুণাল। সেই সময় লবি দিয়ে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁকে সামনে দেখেই প্রথমে শুভেচ্ছা জানান কুণাল। পাল্টা শুভেন্দুও থেমে গিয়ে বলেন, ‘শেষ পর্যন্ত তো জিতে গেলেন!’ দু’জনের মুখেই তখন ছিল হাসির ঝলক।
সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির আর এক বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এগিয়ে এসে কুণাল ঘোষকে আলিঙ্গন করেন। তৃণমূল সরকারের আমলে একাধিকবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। একবার তিনি মন্তব্য করেছিলেন, ‘বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতি দিলীপ ঘোষ।’ রাজনৈতিক ও আদর্শগত মতভেদ থাকা সত্ত্বেও দিলীপের লড়াইয়ের মানসিকতার প্রশংসা বহুবার করেছেন কুণাল। তা নিয়ে রাজনৈতিক মহলেও বিস্তর আলোচনা হয়েছে। তবে এদিনের দৃশ্য কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে।







