সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নানান ছবি ও ভিডিও ভাইরাল হয়। তবে কিছু ঘটনা শুধুই ভাইরাল হয়ে থেমে থাকে না, মানুষের আবেগ ছুঁয়ে যায়। সম্প্রতি তেমনই এক ঘটনাকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া। উত্তরপ্রদেশের বেনারসের মণিকর্ণিকা ঘাটে এক কুকুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সম্পূর্ণ হিন্দু রীতি মেনে। আর সেই ঘটনাই এখন চর্চার কেন্দ্রবিন্দু।
জানা গিয়েছে, ‘ভদ্র’ নামে ওই কুকুরটির মৃত্যু হয় গত ৯ মে, কালাষ্টমীর দিনে। মৃত্যুর পর তাকে সাধারণ পশুর মতো নয়, বরং এক সাধুসঙ্গী হিসেবে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রথমে গঙ্গাজল দিয়ে ভদ্রর দেহ শুদ্ধ করা হচ্ছে। এরপর দুধ ঢেলে স্নান করানো হয়। হলুদ, চন্দন ও সিঁদুর মেখে ফুল ও মালায় সাজানো হয় তাকে। তারপর নিয়ে যাওয়া হয় মণিকর্ণিকা ঘাটে, যেখানে সমস্ত ধর্মীয় আচার মেনেই তার দাহ সম্পন্ন হয়।
স্থানীয়দের মতে, ভদ্র শুধুমাত্র একটি পোষ্য ছিল না। তাকে কালভৈরবের আশীর্বাদ হিসেবে দেখা হত। মালিকের সঙ্গে দেশের বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়িয়েছে সে, এমনকি হিমালয়েও গিয়েছিল। বিশেষ বিষয় হল, সে কখনও মালিকের পিছনে হাঁটত না—সবসময় পাশে থাকত। গঙ্গার ঘাট ছিল তার প্রিয় জায়গা।
অনেকের দাবি, মণিকর্ণিকা ঘাটে এই প্রথম কোনও কুকুরের দাহ সম্পন্ন হল। সনাতন ধর্মে আত্মাকে নিরাকার বলে মনে করা হয়। সেই বিশ্বাস থেকেই ভদ্রর আত্মাকে সম্মান জানিয়ে এই বিশেষ বিদায়ের আয়োজন করা হয়েছে বলে মত স্থানীয়দের। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই আবেগঘন প্রতিক্রিয়ায় ভরে উঠেছে নেটদুনিয়া।







