৩১ জানুয়ারি বিদায় জানাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । তবে অবসরের আগে বৃহস্পতিবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনে রাজীব কুমারকে সংবর্ধনা প্রদান করা হয়। তবে বিদায়বেলায় ডিজির মুখে শোনা গেল রাজ্য পুলিশের জয়গান । এদিন তিনি বলেন, “বাংলার পুলিশ দেশের সেরা।” পাশাপাশি তাঁর কথায়, সাহসই পুলিশের আসল অস্ত্র।
রাজীব কুমার এদিন বলেন , ”বাংলার পুলিশ দেশের মধ্যে সেরা। মাওবাদী দমনে বিরাট ভূমিকা রয়েছে। বিভিন্নরকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করতে হয় পুলিশকে। হোমগার্ড থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তা, কারও অবদানই কম নয়।” রাজ্য পুলিশের ডিজি এদিন আরো বলেন , “সৎ সাহসই পুলিশের সব থেকে বড় অস্ত্র। তবে সাহস মানেই অ্যাকশন, গুলি চালানো নয়।”
প্রসঙ্গত , বাংলায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে । মুর্শিদাবাদের ওয়াকফ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি হোক বা SIR নিয়ে ফারাক্কার বিডিও অফিসে ভাংচুর, বা চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ বহুবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । এসবের মাঝেই বিদায়বেলায় পুলিশের সৎ সাহসের কথা বলে গেলেন ডিজি রাজীব কুমার ।







