বৃহস্পতিবার ভোর হতেই ফের কলকাতায় তৎপর হলো সিবিআই। প্রায় হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আলিপুর-সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই সিবিআইয়ের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই তল্লাশি চালানো হচ্ছে ‘শ্রেয়ী’ নামে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া ও হেমন্ত কানোরিয়ার অফিস ও বাসভবনে। অভিযানের সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও। গোপন সূত্রে তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে দাবি তদন্তকারিদের। মূলত রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সংস্থা ও তার শাখা সংস্থার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ধাপে ধাপে প্রায় এক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে। প্রথম পর্যায়ে একটি সংস্থা ৭৩০ কোটি ৮২ লক্ষ টাকা ঋণ নেয়। এমনকি পরবর্তী পর্যায়ে অন্য একটি সংস্থা নেয় আরও ২৬০ কোটি ২০ লক্ষ টাকা। ঋণ নেওয়ার পর থেকেই চুক্তির শর্ত ভঙ্গ করা হয় বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ।
সিবিআইয়ের প্রাথমিক তদন্তে জানা গেছে, শুধু একটি বা দুটি নয়, মোট ৬টি ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়েছিল। সেই অর্থ কোথায় গেল, কোন কোন পথে লেনদেন হয়েছে সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। পাশাপাশি এই আর্থিক জালিয়াতির সঙ্গে কে বা কারা জড়িত সেই সবটাও খতিয়ে দেখা হবে। তার জন্য কলকাতায় বিভিন্ন দল গঠন করে অভিযান চালাচ্ছে তারা।আলিপুর সহ শহরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে চলছে তল্লাশি অভিযান। এই ব্যাঙ্ক প্রতারণা মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে কোন মানুষ সংশ্লিষ্ট মহলের।







