চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজের জন্য ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখার যে পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। শেষ মুহূর্তে কলকাতা পুলিশের সিদ্ধান্ত বদলের ফলে নির্ধারিত এই চার দিন ফ্লাইওভারে স্বাভাবিকভাবেই যান চলাচল চলবে। প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আগেই জানানো হয়েছিল, অরেঞ্জ লাইনের মেট্রো নির্মাণের গুরুত্বপূর্ণ কাজের জন্য দু’দফায় ফ্লাইওভার বন্ধ থাকবে। প্রথম দফায় জুনের শেষ সপ্তাহে কাজ সফলভাবে সম্পন্নও হয়েছে। দ্বিতীয় দফায় ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রাখার কথা ছিল। তবে সেই সূচিতে আপাতত পরিবর্তন এসেছে।
চিংড়িঘাটা মেট্রো প্রকল্প দীর্ঘদিন নানা প্রশাসনিক জটিলতায় আটকে ছিল। পরে সেই জট কাটিয়ে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই দু’দফায় মেট্রো লাইনের সংযোগের বড় অংশের কাজ শেষ হয়েছে, ফলে প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
যদিও আপাতত ফ্লাইওভার বন্ধ হচ্ছে না, তবু মেট্রোর পরবর্তী পর্যায়ের কাজের প্রস্তুতি জোরকদমে চলছে। চিংড়িঘাটা মোড়ের পূর্বদিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিট ডেক বসানোর সময় যান চলাচল সচল রাখতে প্রায় ৬০ মিটার দীর্ঘ একটি অস্থায়ী রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে। ইএম বাইপাসের ধারের খালের পাশ দিয়ে সেই রাস্তা তৈরি হতে পারে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ও আরভিএনএল যৌথভাবে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে।
ফলে আপাতত স্বস্তিতে অফিসযাত্রী থেকে শুরু করে সল্টলেক, সেক্টর ফাইভ ও নিউটাউনের পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষ। তবে মেট্রো প্রকল্পের পরবর্তী কাজের জন্য ভবিষ্যতে নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণ বা আংশিক বিধিনিষেধ জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।







