ডুরান্ড কাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে শুরুও হল ইস্টবেঙ্গলের ঘাম ঝরানোর অধ্যায়। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি— যেখান থেকে ট্রফি জয়ের স্বপ্নের যাত্রা শুরু করতে চায় লাল-হলুদ শিবির। রবিবার বেলা গড়াতেই বোধনকেঞ্জে জমে উঠল অনুশীলনের আবহ, যেখানে পুরনোদের সঙ্গে দেখা গেল সদ্য আসা তারকাদেরও।
প্রথম দিনের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন ১৬ জন ফুটবলার। এডমুন্ড লালরিনডিকা এবং বিপিন সিংহের মতো সদ্য দলে যোগ দেওয়া জাতীয় দলের ফুটবলাররাও ছিলেন সেখানে। যদিও ছিলেন না মূল স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য প্রভসুখন সিংহ গিল, আনোয়ার আলি এবং নন্দ কুমার। তাঁদের চলতি সপ্তাহেই যোগ দেওয়ার কথা রয়েছে। কোচ অস্কার ক্রামোর সঙ্গে বিদেশিরাও এখনও আসেননি। তবে তাতে অনুশীলনের ঘাটতি ছিল না। সহকারী কোচ বিনো জর্জ এবং গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর তত্ত্বাবধানে অনুশীলন চালান মহেশ, ডেভিডরারা।
রবিবার সকালে এডমুন্ড এবং বিপিনের অফিসিয়াল যোগদানের ঘোষণার পরই সন্ধের মধ্যেই তাঁদের অনুশীলনে দেখা যায়। ২০১৯-২০ মরশুমে মাত্র দু’টি ম্যাচ খেলে চোটে পড়া এডমুন্ড এবার ফিরলেন তিন বছরের চুক্তিতে। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, নতুন মরশুমে শক্ত ভিত গড়তে চাইছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ দিয়ে সেই মঞ্চে নামার প্রস্তুতি শুরু হয়ে গেল।







