নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজার এলাকায় রক্তাক্ত ও পোড়া অবস্থায় এক যুবককে উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ বছরের সৌভিক ঘোষ, যিনি পেশায় একজন ফার্মেসি কর্মচারী, সোমবার রাতে নিজের দোকান থেকে বাড়ি ফেরেন। পরিবারের দাবি, রাত প্রায় ১১টা নাগাদ একটি ফোন আসার পর তিনি পুনরায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর আর ফেরেননি।
সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে জয়ঘাটা বাজার এলাকার একটি মিষ্টির দোকানের পেছনের জঙ্গল থেকে রক্তাক্ত, ক্ষতবিক্ষত ও পোড়া অবস্থায় উদ্ধার করা হয় সৌভিককে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার পর শরীরে আগুন লাগিয়ে নৃশংসভাবে খুনের চেষ্টা করা হয়।
স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই নারকীয় হামলার পেছনে জড়িত তা নিয়ে চলছে জোরদার অনুসন্ধান।
এই ঘটনা ঘিরে গোটা এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







