বলিউডের শক্তিশালী অভিনয়শিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকি বরাবরই তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার তারই ধারাবাহিকতায় নজর কাড়ল তাঁর ১৫ বছর বয়সী কন্যা শোরা। সম্প্রতি, ইনস্টাগ্রামে নওয়াজউদ্দিন একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে মঞ্চে অভিনয়ের ঝলক দেখাচ্ছে শোরা। ইংরেজিতে অন্য এক অভিনেতার সঙ্গে পারফর্ম করতে দেখা যায় তাকে। ভিডিওটিতে শোরার সংলাপ প্রক্ষেপণ ও অভিব্যক্তি এতটাই সাবলীল ও পরিণত ছিল যে দর্শকদের মধ্যে মুগ্ধতার সাড়া পড়েছে। ভিডিওটির ক্যাপশনে নওয়াজ লেখেন,”ক্যান আই কাম… প্রথম দৃশ্য।”
ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন শোরাকে। কেউ লিখেছেন,”শোরা যদি বলিউডে পা রাখে, সে দারুণ কিছু করবে।” কেউ বলছেন,”বাবার ছায়া হয়ে উঠছে মেয়ে।” কেউ আবার মন্তব্য করেছেন,”শোরার মধ্যে আমি পরের রাধিকা আপ্তেকে দেখতে পাচ্ছি।” পরিচালক রন কাহলোন, যিনি শোরার কর্মশালার প্রশিক্ষক ছিলেন, নিজেও মন্তব্য করেছেন,”ঈশ্বর তাকে আশীর্বাদ করুন। ওর সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এমন প্রতিভা আগে দেখিনি।”
উল্লেখ্য, আগেই নওয়াজউদ্দিন জানিয়েছিলেন, শোরা নিজেই অভিনয়ের আগ্রহ প্রকাশ করে প্রশিক্ষণ নিতে শুরু করেছে। বাবার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণাই হয়তো তাকে অভিনয়ের প্রতি এতটা টেনেছে। অন্যদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকিকে শেষ দেখা গিয়েছে মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘কোস্টাও’ সিনেমায়। সামনে রয়েছে তাঁর একগুচ্ছ ছবি ‘সেকশন ১০’, ‘নুরানি চেহরা’, ‘সাঙ্গীন’ ও ‘রাত আকেলি হ্যায় ২’, যেগুলোর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক।







