জেলারাজ্য

আলিপুরদুয়ারে হড়পা বানের জেরে বাস আটকে বিপত্তি, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা

উত্তরবঙ্গের লাগাতার ভারী বৃষ্টিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে। বুধবার সকালে জামতালা থেকে টোটোপাড়াগামী একটি যাত্রীবাহী বাস প্রবল জলের স্রোতে আটকে পড়ে। বাংরি নদীতে আচমকা হড়পা বান নামায় বিপদের মুখে পড়ে বাসটি। যাত্রীরা আতঙ্কে আর্তনাদ শুরু করলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

বাসটি মাদারিহাট হয়ে টোটোপাড়ার দিকে যাচ্ছিল, ঠিক তখনই পাশ দিয়ে বয়ে যাওয়া বাংরি নদীতে আচমকা জলস্ফীতি হয়। ভুটান পাহাড় থেকে নেমে আসা অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত নদীতে এসে পড়ে, ফলে মুহূর্তের মধ্যে প্লাবিত হয়ে যায় আশপাশের এলাকা।

বাসের চালক সাহসিকতার পরিচয় দিয়ে যাত্রাবাহী বাসটিকে কোনওভাবে নিয়ন্ত্রণে রাখলেও, বাসের কিছু অংশ ইতিমধ্যে ডুবে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত স্থানীয়রা নদীতে নেমে পড়েন। পুলিশ-প্রশাসনের খবর দেওয়ার পাশাপাশি, তাঁরাই প্রথম পর্যায়ে যাত্রীদের উদ্ধার করেন। সকল যাত্রী ও চালককে অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

তবে বাসটি এখনও নদীর জলের মধ্যে আটকে রয়েছে। এই ঘটনার জেরে মাদারিহাট ও টোটোপাড়ার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর জলস্তর ও স্রোত কিছুটা কমলে সড়ক যোগাযোগ পুনরায় চালুর চেষ্টা হবে।

স্থানীয়রা প্রশাসনের কাছে দীর্ঘমেয়াদি সুরক্ষার ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তাঁরা জানিয়েছেন, বর্ষাকালে বারবার এমন হড়পা বান দেখা গেলেও আজকের পরিস্থিতি বহুদিনের মধ্যে ভয়ঙ্করতম।

ভাগ্যক্রমে কোনও প্রাণহানি না হলেও, এদিনের ঘটনা উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতির আরও এক বাস্তব ছবি তুলে ধরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.