জেলা

বসিরহাটে বেআইনি ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ! ৩ জনের মৃত্যু, ৩০ জন আহত

উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ইছামতির পাড়ে অবস্থিত একটি বেআইনি ইটভাটায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার মালিক সঞ্জয় ঘোষ ইছামতির পাড় দখল করে অবৈধভাবে ইটভাটাটি গড়ে তুলেছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইটভাটার চিমনিতে আগুন দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চিমনি ভেঙে পড়ে এবং ইটের স্তুপে চাপা পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়। আহতরা স্থানীয়দের সহায়তায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পুলিশের ধারণা, চিমনির ভেতরেও বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে।

বসিরহাট হাসপাতালের মর্গে যে তিনটি মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে তার মধ্যে রয়েছেন হাফিজুল মণ্ডল (৩৫) এবং রাকেশ কুমার (৪০)। হাফিজুল স্থানীয় বাসিন্দা। রাকেশের বাড়ি উত্তরপ্রদেশে। তৃতীয় জনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে বছরের পর বছর ধরে বসিরহাটের জেলা ও পুলিশ প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই বেআইনি ইটভাটাটি রমরমিয়ে চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।

তাঁদের অভিযোগ, বাম আমল থেকেই অবৈধভাবে বনগাঁ ও বসিরহাটে ইছামতি নদীর পাড় দখল করে একের পর এক বেআইনি ইটভাটা গজিয়ে উঠেছে। এতে নদীর গতিপথ পরিবর্তন পর্যন্ত হচ্ছে শুধু নয় পাড় ভাঙন, অকাল বন্যা, এমনকী সবুজ গাছপালা ধ্বংসের ফলে পরিবেশের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃহত্তর সুন্দরবন।

বসিরহাট জেলার পুলিশ সুপার আশিস বিশ্বাস জানান, ঘটনার তদন্তে নেমেছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.