জাতীয় দলের ব্যর্থতা সত্ত্বেও ভারতের ফুটবল পরিকাঠামোয় বিশ্বাস হারাচ্ছেন না মানোলো মার্কেজ়। বরং দেশের ক্লাব ফুটবলের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত থাকতেই চুক্তি বাড়ালেন এফসি গোয়ার সঙ্গে। স্পেনে ফিরে না গিয়ে পরপর তৃতীয় মরসুমে আইএসএলে কোচিং করাতে দেখা যাবে এই অভিজ্ঞ স্প্যানিশ tactician-কে।
২০২৪ সালের জুনে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন মার্কেজ়। মাত্র আটটি ম্যাচে তাঁর জমানা সীমাবদ্ধ হলেও, ফলাফল ছিল হতাশাজনক। শুধু একটি জয় এসেছিল মলদ্বীপের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে। তবে জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তিনি ছিলেন সক্রিয়। এফসি গোয়ার সঙ্গেও একই সময়ে সফলভাবে সামলেছেন কোচের দায়িত্ব।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল তাঁর অনুরোধেই সুনীল ছেত্রীর অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরত আসা। এই সিদ্ধান্তে ভারতীয় শিবিরে যেমন উত্তেজনা ফিরেছিল, তেমনই ফুটবলপ্রেমীরাও আশা দেখেছিলেন। যদিও মাঠে সেই আশা পূর্ণতা পায়নি, কিন্তু মার্কেজ়ের ফুটবল দর্শনে আস্থা হারায়নি এফসি গোয়া।
এরই মধ্যে নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মার্কেজ়। ডুরান্ড কাপ তাঁর প্রথম লক্ষ্য। গোয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২৫-২৬ মরসুমেও তিনিই থাকবেন প্রধান কোচ। স্পেন না ফিরে ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্তই বলে দিচ্ছে, মার্কেজ়ের বিশ্বাস—এই দেশেই ফুটবল সাফল্যের ভবিষ্যৎ গড়া সম্ভব। মাঠে সেই প্রত্যাবর্তন কেমন হয়, সেটাই এখন দেখার।







