উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে ফের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চালু হওয়া সেমিস্টার ব্যবস্থা তুলে দিয়ে পুরনো নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দফতর। সব কিছু ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত দু’বছর ধরে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই নিয়মে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমিস্টারে পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। তবে নতুন এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রথম থেকেই শিক্ষকদের একাংশের মধ্যে অসন্তোষ ছিল। তাঁদের বক্তব্য, সেমিস্টার চালু হলেও পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়ারা প্রত্যাশিত সুবিধা পাচ্ছে না। বরং পরীক্ষার সংখ্যা বেড়ে যাওয়ায় চাপও বাড়ছে।
এই পরিস্থিতিতে সেমিস্টার ব্যবস্থা পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। নতুন শিক্ষামন্ত্রী এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিকাশ ভবনে শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, সেমিস্টার তুলে দিয়ে আগের পরীক্ষার নিয়ম ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা অনেকটাই এগিয়েছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, শিক্ষকদের একাংশ সেমিস্টার পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই ব্যবস্থায় পড়ুয়াদের বিশেষ সুবিধা হচ্ছে না। শিক্ষক হিসেবে তিনিও বিষয়টি খতিয়ে দেখছেন।
তবে সেমিস্টার ব্যবস্থা তুলে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষার নিয়মে আদৌ পরিবর্তন আসবে কি না, এখন সেদিকেই নজর পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের।







