ছোটপর্দা থেকে বড়পর্দা বা ওটিটি সর্বত্রই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেও প্রশংসিত হন তিনি। সবকিছু মিলিয়ে সমাজ মাধ্যমেও ছিলেন বেশ সক্রিয়। কিন্তু গত কয়েক মাসে আচমকাই যেন নিখোঁজ হয়ে যান তিনি।
না টেলিভিশন, না সিনেমার পর্দা, এমনকি নিজের সোশ্যাল মিডিয়াতেও কোনো ছবি বা ভিডিও শেয়ার করেননি তিনি। অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন প্রিয় ‘মিঠাই রানী’র জন্য। বারবার খোঁজ নিয়েও মেলেনি কোনো উত্তর। কেন হঠাৎ এমন দূরত্ব তৈরি করলেন সৌমিতৃষা, তা নিয়েই নানা প্রশ্ন ঘুরছিল টলিপাড়া থেকে দর্শকদের মনে। অবশেষে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে দেখা গেল অভিনেত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দের এই অভিনেত্রী হলুদ সালোয়ার কামিজে মঞ্চে উপস্থিত হন। আগেই অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, সৌমিতৃষা পুরোপুরি সুস্থ না হলেও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন।
অনুষ্ঠান শেষে বহুদিন বাদে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে সৌমিতৃষা লেখেন,”যারা স্বপ্ন দেখেন তারা কখনও স্বপ্ন দেখা বন্ধ করেন না, ধীরে ধীরে সেরে উঠছি।” অর্থাৎ, অসুস্থতার জন্যই কিছুদিন পর্দা ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি। তবে স্বপ্ন দেখা বা অভিনয় থেকে একেবারে বিদায় নেননি। শোনা যাচ্ছিল, চিকিৎসার জন্য রাজ্যের বাইরেও যেতে হয়েছিল তাঁকে। যদিও নিজের শারীরিক অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি সৌমিতৃষা। তবে তাঁর মুখ দেখে স্পষ্ট, সত্যিই শারীরিক অসুস্থতাই তাঁকে বিরতিতে পাঠিয়েছিল। এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং খুব শিগগিরই হয়তো আবার ক্যামেরার সামনে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।







