নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার শেষ হতে চলেছে রাম ভক্তদের। আগামী ১৬ ই জুন মুক্তি পেতে চলেছে ‘ আদিপুরুষ ‘। তাই ছবির শেষ প্রচার জোর কদমে চালিয়ে যাচ্ছে নির্মাতা সহ গোটা টিম। প্রত্যেক প্রেক্ষাগৃহে যেখানে ‘ আদিপুরুষ ‘ দেখানো হবে সেখানে অন্তত একটি করে আসন সংরক্ষিত রাখা হবে বজ্রংবলির জন্য, এমনটাই ঘোষণা করেছে ছবির নির্মাতারা। তাদের বক্তব্য, যেখানেই রামায়ণ পাঠ হয় সেখানেই রাম ভক্ত হনুমান এসে উপস্থিত হন। তাই একটি করে আসন ফাঁকা রাখতে হবে। ওই আসনের টিকিট বিক্রি হবে না।
পৌরাণিক কাহিনি রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত ‘ আদিপুরুষ ‘। ছবির পরিচালনায় রয়েছেন ওম রাউত। ছবিতে রামের চরিত্রে রয়েছেন দক্ষিণ ভারতের খ্যাতিপ্রাপ্ত অভিনেতা প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন, লক্ষ্মণের চরিত্রে সানি সিংহ। তবে বলিউডের অভিনেতা সেইফ আলি খানকে এবার একটু অন্যরকম লুকে সাজানো হয়েছে। তাকে রাবণের চরিত্রে দেখা যাবে। জানা গেছে, সম্প্রতি তিরুপতির তিরুমালা মন্দিরে আশীর্বাদ নিতে এসেছিলেন প্রভাস। মন্দিরে পুজো দেওয়ার সময় তাকে ক্যামেরাবন্দী করা হয়।
আজ তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা ইউনিভার্সিটির স্টেডিয়ামে প্রি-রিলিজের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন ছবির নির্মাতারা। সেখানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ভারতের ধার্মিক গুরু চিন্না জিয়ার স্বামীকে। জানা গেছে,তার উপস্থিতিতেই ছবির দ্বিতীয় ট্রেলারটি প্রকাশ্যে আনা হবে।







