মানসিক স্বাস্থ্য ও আবেগকে গুরুত্ব দিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতের
২০১১ সালে বিয়ে, এক বছরের মধ্যেই সন্তানের জন্ম—আর তার ঠিক পরেই বিবাহবিচ্ছেদ। তিক্ত সম্পর্কের ছায়ায় কেটে যায় একটি নিষ্পাপ শিশুর শৈশব। বছর কয়েক পর মা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, ছেলের সঙ্গে কোনও যোগাযোগ ছাড়াই বেঁচে ছিলেন বাবা।
২০১৯ সালে আচমকা জানতে পারেন—ছেলের পরিচয় বদলে গেছে, ধর্মীয় বিশ্বাস পর্যন্ত পাল্টে গেছে! এরপর শুরু হয় আইনি লড়াই। প্রথমে পারিবারিক আদালত, তারপর হাইকোর্ট—শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় মামলা।
প্রথমে হাইকোর্ট বাবার পক্ষে রায় দিলেও, পরবর্তীতে সুপ্রিম কোর্টে মা জানান—ছেলে ভুগছে “সেপারেশন অ্যানজাইটি ডিসঅর্ডার”-এ। সাইকোলজিস্টের রিপোর্টে উঠে আসে, বাবার কাছে হঠাৎ পাঠালে মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কা প্রবল।
বিচারপতি বিক্রম নাথ ও প্রসন্ন বি ভারালের বেঞ্চ বলেন—”সন্তানের মানসিক স্বাস্থ্য, আবেগ, আর্থ-সামাজিক স্থিতি সব দিক বিচার করেই সিদ্ধান্ত নিতে হবে।” তাই শিশুর সুরক্ষার কথা ভেবেই, সুপ্রিম কোর্ট নিজস্ব পূর্ব রায় বাতিল করে।
এই রায় স্পষ্ট করে দেয়—ভারতের বিচারব্যবস্থায় শিশুর আবেগ, মানসিকতা এবং সুস্থতাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনের থেকেও বড় হয়ে উঠতে পারে এক শিশুর কান্না… এক শিশুর ভয়!







