ক্রাইম

শেষ ইচ্ছের টানে প্রেমিকের বাড়িতে পৌঁছল তরুণীর দেহ, শেষকৃত্যের আগে বিয়ের দাবিতে বিক্ষোভ পরিবারের

অন্ধ্রপ্রদেশে এক তরুণীর মৃত্যুকে ঘিরে সামনে এল অত্যন্ত আবেগঘন ও চাঞ্চল্যকর ঘটনা। আত্মহত্যার পর তাঁর শেষ ইচ্ছা পূরণ করতে মৃতদেহ নিয়ে প্রেমিকের বাড়িতে পৌঁছে যান পরিবারের সদস্যরা। তাঁদের দাবি ছিল, শেষকৃত্যের আগে প্রেমিক যেন মৃত অবস্থাতেই তরুণীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন।

জানা গিয়েছে, মৃত তরুণীর নাম আড্ডাগাল্লা কীর্থি (২৪)। তিনি গুন্টুর জেলার বাসিন্দা এবং পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন। সেখানেই নিজের ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার ঘটনাই ধরে নিয়ে তদন্ত শুরু করেছে।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের প্রেমিক সাই সুমন্থ বিয়ে করতে অস্বীকার করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কীর্থি। সেই কারণেই তিনি ১৪ জুলাই আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি তাঁদের।

পরিবারের দাবি, মৃত্যুর আগে কীর্থি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাঁর শেষকৃত্য যেন প্রেমিকের গ্রাম পোন্ডুরুতেই হয়। সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে মুম্বই থেকে দেহ নিয়ে অন্ধ্রপ্রদেশের ওই গ্রামে পৌঁছন তাঁর আত্মীয়রা। সেখানে প্রেমিকের পরিবারের কাছে তাঁরা অনুরোধ করেন, শেষ বিদায়ের আগে সাই সুমন্থ যেন কীর্থির গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন।

তবে সেই সময় সাই সুমন্থ কাতারে কর্মসূত্রে থাকায় বাড়িতে উপস্থিত ছিলেন না। ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরে মৃত তরুণীর পরিবারের সদস্যরা প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভও দেখান।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আলোচনার পর প্রেমিকের পরিবার পোন্ডুরু গ্রামেই কীর্থির শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দেয়। এরপর সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে, মুম্বই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মহত্যার প্রকৃত কারণ এবং পরিবারের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.