নির্বাচনী আবহে চড়ছে রাজনীতির পারদ। শাসক-বিরোধীদের মধ্যে তরজা অব্যাহত। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রতি আক্রমণাত্মক শব্দবাণ নিক্ষেপ করেছে শিবসেনা। এবার তার পালটা জবাবে সামিল হলেন নরেন্দ্র মোদী। তাঁর মন্তব্য, ‘জীবিত কেন, মৃত্যুর পরও আমায় মাটিতে পুঁততে পারবে না।’
মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে সামিল হয়ে একযোগে কংগ্রেস ও শিবসেনার প্রতি তোপ দেগে প্রধানমন্ত্রীর উবাচ, ‘এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে। একদিকে কংগ্রেস রয়েছে, যারা আমায় বলে, মোদী তেরেয়া কবর খুদেগি। আর একদিকে এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে!’
বালা ঠাকরের প্রসঙ্গ তুলে মোদী বলেন, ‘আমার ভাবলে দুঃখ হয় যে, বালাসাহেব ঠাকরের এই সব দেখে কতটা দুঃখ হয়। এই নকল শিবসেনার লোকেরা বিস্ফোরণ-হামলার সঙ্গে যুক্তদেরও নিজেদের সঙ্গে প্রচারে নিয়ে যাচ্ছে। বিহারে জেল খাটা নেতাকে কাঁধে নিয়ে ঘুরছে, মহারাষ্ট্রে বিস্ফোরণের অভিযুক্তকে কাঁধে নিয়ে ঘুরছে। কীভাবে পাপীদের নিয়ে এদের চলতে হচ্ছে, এটা নিয়ে ভাববেন। এই জন্য ওঁরা আমায় মাটিতে পোঁতার স্বপ্ন দেখছে। কিন্তু এই মাতৃশক্তি আমায় রক্ষা করবে।’







