বিনোদন

“মহানায়ক সম্মান” মঞ্চে ফের বাংলা সিরিয়াল নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেখতে দেখতে কেটে গিয়েছে ৪৫ বছর। বাংলা চলচ্চিত্র জগত হারিয়েছে তার ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারকে। তবু আজও তিনি বাঙালির আবেগে সমান ভাবে জড়িত। আর তাঁর প্রয়াণ দিবসেই প্রতিবছরের মতো এবারও আয়োজিত হল ‘মহানায়ক সম্মান’ অনুষ্ঠান। ২০১২ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই বিশেষ অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের গুণী শিল্পীদের সম্মান জানানো হয়ে থাকে।

তবে এদিনের অনুষ্ঠানে শুধু শ্রদ্ধা ও সম্মানেই সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী। বাংলা টেলিভিশন সিরিয়ালের সাম্প্রতিক বিষয়বস্তু নিয়েও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মঞ্চ থেকে সরাসরি বার্তা দিয়ে মমতা বলেন, “সিরিয়াল যাঁরা করেন, তাঁদের উদ্দেশ্যে বলবো— এখনকার সিরিয়ালগুলোতে দেখা যাচ্ছে, কেউ কাউকে বিষ দিচ্ছে, কেউ কাউকে মারছে। একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। কেন্দ্রীয় চরিত্রের পাশে দুটো ঝগড়ুটে চরিত্র থাকে। বাজে জিনিস শেখানো হচ্ছে। এতে সমাজে খারাপ প্রভাব পড়ছে, বিশেষ করে বাচ্চারা বিপথে যাচ্ছে। অনেকেই আত্মহত্যার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।”

তিনি আরও বলেন, “এই সব বিষয় লীনা গঙ্গোপাধ্যায়ের হাতে নেই, যাঁরা সিরিয়ালের মালিক তাঁদের হাতে আছে। আমি তাঁদের বলবো, দয়া করে সমাজে খারাপ বার্তা দেবেন না। হাসি-খুশি, মজা, সংস্কৃতি, আবেগ— এইসব নিয়েই তো গল্প বলা যায়। মানুষকে জাগিয়ে তুলবে এমন কিছু দেখান।”

উল্লেখ্য, এটি প্রথম নয়। এর আগেও একাধিকবার বাংলা সিরিয়ালের কনটেন্ট নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। অ্যাকশন ও সহিংসতা-ভিত্তিক দৃশ্য যে তিনি পছন্দ করেন না, সে কথা বলেছেন একাধিক সাক্ষাৎকারে। এবার ফের ‘মহানায়ক সম্মান’-এর মতো গুরুত্বপূর্ণ মঞ্চ থেকেই সিরিয়াল নির্মাতাদের সামাজিক দায়বদ্ধতার বার্তা দিলেন তিনি।

এখন দেখার, এই বক্তব্য সিরিয়াল নির্মাণের ধারা বদলাতে কতটা প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.