নয়াদিল্লি/কলকাতা: পশ্চিমবঙ্গের মাটির তলা যেন গুপ্তধনের খনি! রাজ্যে মিলল বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ₹৪১,০৭০ কোটি টাকা। এই তথ্য প্রকাশ্যে এল সরাসরি সংসদে। উত্তর ২৪ পরগণার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাট এলাকায় পাওয়া গিয়েছে এই বিপুল জ্বালানি শক্তির হদিস।
রাজ্যসভায় বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য রাজ্যের জ্বালানি সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন। তার জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানায়, ONGC পরিচালিত WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই শক্তি সম্পদের সন্ধান মিলেছে। আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি উৎপাদন সম্ভব এই ব্লক দু’টি থেকে।
বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা নিতে পারে। রাজ্যের আয়ের পরিমাণ যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানের নতুন দিক খুলে যেতে পারে। একইসঙ্গে দেশের জ্বালানি নির্ভরতা কমাতে বড় ভূমিকা নেবে এই ব্লক।
এই আবিষ্কার শুধু বাংলার জন্যই নয়, গোটা দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।







