হায়দরাবাদের আউটার রিং রোডে ভোরের অন্ধকারেই ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, কেড়ে নিল তেলুগু ইন্ডাস্ট্রির উদীয়মান মুখ ভরত কান্তের প্রাণ। রবিবার ভোর প্রায় ৩:২০ মিনিট নাগাদ পেদ্দাম্বারপেটের কাছে ওআরআর এক্সিট ১২ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির গাড়ি ট্রাকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভরত কান্ত ও তাঁর সঙ্গী ত্রিলোকের।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা থেকে হায়দরাবাদে ফিরছিলেন তাঁরা। শনিবার গভীর রাতে যাত্রা শুরু করে ভোরের দিকে শহরে ঢোকার সময়ই ঘটে এই দুর্ঘটনা। গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলেই প্রাথমিক অনুমান, পাশাপাশি দীর্ঘ পথযাত্রার কারণে চালকের ক্লান্তিও বড় কারণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে মৃতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য গান্ধি হাসপাতালে পাঠানো হয়েছে।
৩১ বছর বয়সী ভরত কান্ত তেলুগু চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করার লড়াই চালাচ্ছিলেন। প্রধান চরিত্রের পাশাপাশি একাধিক পার্শ্ব চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘টেনেন্ট’ ও ‘গ্রামাম’য়ের মতো সিনেমার তাঁর কাজ নজর কেড়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর, যেখানে ধীরে ধীরে নিজের দর্শকসংখ্যা বাড়াচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতিও ছিল চোখে পরার মতো। প্রায় এক দশক আগে বড় স্বপ্ন নিয়ে হায়দরাবাদে পাড়ি দিয়েছিলেন ভরত ও তাঁর বন্ধু ত্রিলোক। সেই স্বপ্নযাত্রাই শেষ হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। এই ঘটনায় শোকস্তব্ধ টলিউড মহল ও তাঁর অনুরাগীরা। ইতিমধ্যেই মামলা রুজু করে বিস্তারিত তদন্ত শুরু করেছে আদিবাতলা পুলিশ।







