টেলিভিশনের পর্দায় দুর্ঘটনার দৃশ্য অভিনয় করেছিলেন মাত্র কয়েক দিন আগে। তবে সেই অভিনয়ের রেশ কাটতে না কাটতেই বাস্তবেই দুর্ঘটনার কবলে পড়লেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর নায়ক অর্কপ্রভ রায়। এর আগেই একই ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়ের দুর্ঘটনার খবর সামনে এসেছিল। ফলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দর্শকমহল।
বাড়িতেই অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর চোট পান অর্কপ্রভ। নিজেকে সামলাতে গিয়ে একটি চাকা-ওয়ালা চেয়ার ধরেছিলেন তিনি। কিন্তু সেটিই উল্টে গিয়ে বিপত্তি বাড়ায়। তীব্র আঘাতে তাঁর গোড়ালির দু’টি হাড় ভেঙে যায়। এমনকি সেই মুহূর্তে হাড় ভাঙার শব্দও নাকি শুনতে পেয়েছিলেন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয়। পায়ে প্লেট বসানোর পাশাপাশি ৬টি স্ক্রু লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক দিন চিকিৎসার পর তিনি বাড়ি ফিরেছেন, তবে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। চিকিৎসকরা অন্তত তিন সপ্তাহ শয্যাশায়ী থাকার নির্দেশ দিয়েছেন।
ঘটনার অদ্ভুত মিলও নজর কেড়েছে অনেকের। দুর্ঘটনার ঠিক দু’দিন আগেই ধারাবাহিকে একটি সড়ক দুর্ঘটনার দৃশ্যে অভিনয় করেছিলেন অর্কপ্রভ, যেখানে তাঁর চরিত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর তার পরেই বাস্তবে একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হল তাঁকে। যদিও শারীরিক অসুবিধা সত্ত্বেও কাজ থামাননি অভিনেতা। শুটিংয়ে উপস্থিত থাকতে না পারলেও নিজের সংলাপ রেকর্ড করে পাঠাচ্ছেন প্রযোজনা সংস্থাকে। সেই অডিওই ব্যবহার করা হচ্ছে পরবর্তী পর্বগুলিতে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে হাঁটার অনুমতি পাবেন তিনি। অর্কপ্রভ রায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।







