২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় নতুন মোড়, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের আইনি লড়াই আরও জটিল হয়ে উঠল। প্রতারক সুখেশ চন্দ্রশেখরকে ঘিরে চলা এই বহুল আলোচিত মামলায় ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন জানালেও, তার তীব্র বিরোধিতা করেছে ইডি।
দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে দাখিল করা জবাবে ইডি স্পষ্ট জানিয়েছে, জ্যাকলিনের অতীত আচরণ ও মামলার প্রেক্ষাপটে তাঁর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। তদন্তকারী সংস্থার দাবি, অভিনেত্রীর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে, যা তাঁকে এই অর্থ পাচার চক্রের সঙ্গে যুক্ত করে। পাশাপাশি, বিস্তারিত জবাব পেশের জন্য আদালতের কাছে অতিরিক্ত সময়ও চেয়েছে ইডি। এই ঘটনাকে মামলার একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর আগেই দেশের শীর্ষ আদালত অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করতে অস্বীকৃতি জানিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল।
ইডির অভিযোগ অনুযায়ী, সুকেশ চন্দ্রশেখর অবৈধ উপায়ে বিপুল অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে জ্যাকলিনকে বিলাসবহুল উপহার দিয়েছিলেন। যদিও অভিনেত্রী বরাবরই দাবি করে এসেছেন, ওই উপহারগুলির অবৈধ উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন না। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় বারবার নতুন তথ্য সামনে আসছে। যার ফলে অভিনেত্রী ফের আর্থিক তছরুপ মামলায় শিরোনামে। পাশাপাশি আগামী দিনে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার।







