শশব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। একের পর এক সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী বর্তমানে কাজ করছেন অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’-এ। সদ্য শেষ হয়েছে বেলা দে-র জীবনের উপর নির্মিত ছবির শ্যুটিং। ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে তাঁর ‘বেলা’ রূপ। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল ‘পুরাতন’, আর তার পরেই ৪ জুলাই মুক্তি পেয়েছে রহস্য-রোমাঞ্চে ভরপুর ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’।
এবার ২৫ জুলাই, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গুডবাই মাউন্টেন’। যেখানে আবারও একসঙ্গে দেখা গেল ‘পুরাতন’ ছবির জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। বাংলা সিনেমার পর্দায় ফের এক নতুন রসায়ন। এদিকে ছবি রিলিজের দিনেই এল চমকপ্রদ ঘোষণা, আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’। ছবিটির প্রথম কিস্তি এখনও প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসা কুড়োচ্ছে। তার মাঝেই প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল দ্বিতীয় অধ্যায়ের। জানা গেছে, ‘ম্যাডাম সেনগুপ্ত ২’ আগের কাহিনির ধারাবাহিকতায় নয়, বরং একেবারেই নতুন রহস্য ও রোমাঞ্চ নিয়ে হাজির হবে। আবারও গোয়েন্দা জগতে ফিরবেন ঋতুপর্ণা, পরিচালনায় থাকবেন সায়ন্তন ঘোষাল।
তবে কৌশিক সেন বা রাহুল বোস দ্বিতীয় কিস্তিতে থাকছেন কি না, সে বিষয়ে নির্মাতারা এখনও মুখ খোলেননি। শুক্রবার প্রযোজনা সংস্থা নন্দী মুভিসের নতুন অফিস উদ্বোধনের দিনে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে, সঙ্গে প্রযোজক অশোক ধানুকা এবং অভিনেতা-প্রযোজক জিত। সেখানেই ‘ম্যাডাম সেনগুপ্ত’র সাফল্য উদযাপনের পাশাপাশি দ্বিতীয় ছবির ইঙ্গিত মিলল। এখন অপেক্ষা, নতুন রহস্যে ঋতুপর্ণা ঠিক কোন চরিত্রে ধরা দেন সেটাই দেখার।







