নিজস্ব সংবাদদাতা : সাগরদিঘি উপনির্বাচনের তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় দলীয় পদ হারালেন। এই ঘটনা ঘটেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ মুর্শিদাবাদ ছাড়ার পর । অভিষেক গত সোমবার সাগরদিঘি ঘুরে বীরভূমে গিয়েছেন ‘জনসংযোগ যাত্রা’য় বেরোনো । আর তার এক দিন বাদেই ব্লক সভাপতির পদ থেকে সরানো হল দেবাশিসকে । এবার তাঁর জায়গায় নতুন ব্লক সভাপতি হয়েছে শামসুল হুদা ।
আজ বুধবার তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান এবং চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল এক সাংবাদিক সম্মেলন ডেকে এই পালাবদলের কথা ঘোষণা করেন । খলিলুর বলেন, নেতৃত্বের নির্দেশেই এই সাংগঠনিক রদবদল হয়েছে। তবে দেবাশিসকে জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন খলিলুর । যদিও এ বিষয়ে দেবাশিসের বলেন, ‘‘দল যখন যা দায়িত্ব দিয়েছে, মাথা পেতে নিয়েছি। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও কথা বলব না।’’
উল্লেখ্য, দলবিরোধী কাজের জন্য এক সময়ে দলীয় মঞ্চে দাঁড়িয়ে দেবাশিসকে বহিষ্কার করেছিলেন মুখ্যমন্ত্রী । পরে যদিও দলে ফিরে আসেন দেবাশিস । তৃণমূলের পক্ষ থেকে সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীও করে তাঁকে । উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী দেবী সম্পর্কে পিসতুতো দিদি হতেন দেবাশিসের বাবা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনে পরাজয়ের পর দেবাশিসের গ্রহণযোগ্যতা নিয়েই
তৃণমূল দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। এবার তাঁকে দলীয় পদ থেকে বাদ দেওয়া হল ।







