আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত ঘিরে নতুন করে নড়াচড়া শুরু হয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হওয়া তিন আইপিএস আধিকারিক—বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তাঁদের বিরুদ্ধে চলা বিভাগীয় তদন্ত এখনও শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের আগস্টে আর জি কর মেডিক্যাল কলেজে নাইট ডিউটির সময় তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তের শুরুতে কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেও, নির্যাতিতার পরিবারের দাবি—ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত, অথচ তাঁদের ভূমিকা এখনও সামনে আসেনি।
নতুন সরকার ক্ষমতায় আসার পর আর জি কর মামলার প্রশাসনিক দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তকারীরা বিশেষভাবে খতিয়ে দেখছেন, ঘটনার পর পুলিশের ভূমিকা, প্রমাণ সংগ্রহ, পরিবারকে দেওয়া বার্তা এবং তৎকালীন উচ্চপদস্থ কর্তাদের সিদ্ধান্ত গ্রহণে কোনও অনিয়ম বা প্রভাব ছিল কি না। সংশ্লিষ্ট আধিকারিকদের কল রেকর্ড, বার্তা আদানপ্রদান এবং প্রশাসনিক নির্দেশও তদন্তের আওতায় রয়েছে।
এদিকে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত প্রতিটি ধাপ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন তৎকালীন জনপ্রতিনিধি এবং শ্মশান কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্তরাও।
তদন্ত এখনও চলমান। ফলে আর জি কর কাণ্ডে প্রাথমিক তদন্তে কোনও গাফিলতি বা তথ্য গোপনের অভিযোগ ছিল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তিন আইপিএস আধিকারিককে আরও চার মাস সাসপেনশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা।







