জেলা

এগরায় শ্মশানে শবদাহকে কেন্দ্র করে উত্তেজনা, পুরসভার মার্কেট নির্মাণ ঘিরে বিক্ষোভ

শ্মশানে শবদাহ করতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে রবিবার পূর্ব মেদিনীপুরের এগরায় তীব্র উত্তেজনা ছড়াল। স্থানীয়দের অভিযোগ, এগরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নরপুকুর শ্মশানঘেঁষা এলাকায় দীর্ঘদিনের একটি রাস্তা দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। আর তার জেরেই শবদাহে বাধা তৈরি হয়।

ঘটনাটি ঘটে এগরা পুরসভার কলেজ মোড় সংলগ্ন পুরোনো জলট্যাঙ্কের পাশের অঞ্চলে। জানা গিয়েছে, প্রায় শতবর্ষ পুরনো ওই শ্মশান এলাকাতে একদল লোক শবদাহ করতে এলে রাস্তার উপরে থাকা প্রাচীরের গেট ভেঙে ফেলেন তাঁরা। এরপর স্থানীয় ঠিকাদার সাধন উত্থাসনী ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। কিছুক্ষণের জন্য পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি সেখানে উপস্থিত কয়েকজন সংবাদমাধ্যমকর্মীকেও লক্ষ করে চড়াও হয় কিছু ক্ষুব্ধ মানুষ।

তবে দ্রুত স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই বিষয়ে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক জানান, “ওই শ্মশানে যাওয়ার জন্য পুরসভার তরফে নির্ধারিত নকশাভুক্ত রাস্তা রয়েছে। কেউ যদি জোর করে মার্কেট কমপ্লেক্সের ভিতর দিয়ে রাস্তা তৈরি করতে চায়, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কিছু মানুষ বিভ্রান্তিকর অভিযোগ করছে।”

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, “যেখানে বছরের পর বছর ধরে মানুষ একটি রাস্তা ব্যবহার করে শ্মশানে যাচ্ছেন, সেখানে হঠাৎ করে সেই রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ শুরু হল কীভাবে?”

ঘটনার জেরে এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রশাসনের ভূমিকা ও পুরসভার নকশা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.