রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজি বিক্রি হচ্ছে এই খবরটা এক প্রকার নিশ্চিত। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬ শুরুর আগে কি আরও একটি বড়সড় রদবদল হতে চলেছে? তেমনই ইঙ্গিত দিলেন লখনউ সুপার জায়ান্টসের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, আরসিবি-র পাশাপাশি রাজস্থান রয়্যালসও (RR) বিক্রির পথে এগোচ্ছে।
হর্ষ গোয়েঙ্কার এই মন্তব্য আইপিএল মহলে নতুন জল্পনা তৈরি করেছে। কারণ, এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের মালিকানার বড় অংশ রয়েছে রয়্যালস স্পোর্টস গ্রুপের হাতে (৬৫ শতাংশ শেয়ার)। এছাড়া লালচাঁদ মুরদোচ এবং রেড বার্ড ক্যাপিটাল পার্টনারসেরও কিছু অংশীদারিত্ব রয়েছে। নিজের পোস্টে হর্ষ গোয়েঙ্কা লেখেন “আমি যা শুনছি, তাতে মনে হচ্ছে একটি নয়, বরং দুটি দল বিক্রি হতে চলেছে আরসিবি এবং আরআর। একটা জিনিস পরিষ্কার, বর্তমান বাজারদর অনুযায়ী এই ফ্র্যাঞ্চাইজিগুলি থেকে প্রচুর অর্থ তুলতে চাওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, এই দুটি দল কেনার জন্য বাজারে ৪ থেকে ৫ জন ক্রেতা তৈরি আছেন। শেষ পর্যন্ত কারা দল কিনবেন, তা নিয়েও জল্পনা চলছে। সম্ভাব্য ক্রেতাদের তালিকায় আছে পুণে, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরুর বিনিয়োগকারী এবং আমেরিকার ক্রেতারাও। স্বাভাবিকভাবেই, আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের এই খবরটি ক্রিকেট এবং বাণিজ্য উভয় ক্ষেত্রেই বড় আগ্রহের জন্ম দিয়েছে।







