নাগাড়ে বৃষ্টিতে ফাটল ধরেছে কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই প্রায় এক বছর এই স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগস্টের শেষদিক থেকে শুরু হবে স্টেশনের সংস্কারের কাজ। আর এই সময় স্টেশনটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এই পরিস্থিতিতে যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে অসুবিধা মেটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। জানা গিয়েছে, খুব শীঘ্রই কবি সুভাষ ও শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে চালু হতে চলেছে শাটল বাস পরিষেবা।
📌 বাস পরিষেবার সময়সূচি
সকাল ৮টা থেকে ১১টা
বিকেল ৫টা থেকে রাত ৮টা
🚌 ভাড়া: যাত্রী পিছু ১০ টাকা
কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বহু বাসিন্দার জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন ছিল গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। স্টেশনটি বন্ধ থাকায় শহীদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রীদের ভিড় বহুগুণ বেড়ে গিয়েছে। অটো-রিকশার সংকট, অতিরিক্ত ভাড়া এবং দীর্ঘ লাইনে নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা।
মেট্রো রেলের একাংশের দাবি, কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার ফলে সামগ্রিক যাত্রী সংখ্যা কিছুটা কমেছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্টেশনটি পুনরায় চালু হবে না বলেই জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
রাজ্যের এই শাটল বাস পরিষেবা কিছুটা হলেও যাত্রীদের স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।







