বিগত কয়েকদিন ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপু ও আর্যর রোম্যান্টিক দৃশ্য ঘিরে উত্তাল নেটপাড়া। ধারাবাহিকের প্রচারের উদ্দেশ্যে অভিনেতা জীতু কমল কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয় বিতর্ক। এবার সেই বিতর্কে নীরবতা ভেঙে মুখ খুললেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সরাসরি নাম না করলেও তাঁর সোশাল মিডিয়া পোস্টে স্পষ্ট ইঙ্গিত সহ-অভিনেতা জীতু কমলের দিকেই।
দিতিপ্রিয়া জানান, পোস্ট করা ছবিটি তাঁর দৃষ্টিতে অনুপযুক্ত হওয়ায় তিনি প্রোডাকশন টিমকে জানিয়েছিলেন, সহ-অভিনেতার সঙ্গে এ নিয়ে কোনও আলোচনা হয়নি তাঁর। যদিও এরপর থেকেই তাঁকে নিয়ে নেটদুনিয়ায় নানা কটাক্ষ শুরু হয়। অভিনেত্রী অভিযোগ করেন, ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন জীতু একাধিকবার তাঁকে আপত্তিকর মন্তব্য করেছেন। এমনকি কোনও ইভেন্টে না যাওয়ার কারণ জানতে চাওয়ার সময় তাঁকে জিজ্ঞেস করা হয়,”তুমি কি প্রেগন্যান্ট?” এই মন্তব্য স্বাভাবিকভাবেই দিতিপ্রিয়া-কে অস্বস্তিতে ফেলে। আরও অভিযোগ, রাতের বেলায় এআই দিয়ে তৈরি চুম্বনের ছবি পাঠিয়ে তা প্রেমিককে দেখানোর পরামর্শও দেন সহ-অভিনেতা।
প্রথমদিকে বিষয়গুলোকে হাস্যরসের মধ্যে নিলেও, ধীরে ধীরে তা দিতিপ্রিয়ার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। শেষপর্যন্ত নীরবতা ভেঙে সোশাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর কথায়,”আমি চুপ থাকতাম, কিন্তু দিনের পর দিন সহ্য করতে করতে অসুবিধা হচ্ছিল, তাই এই পোস্ট।” এই পোস্টের পর এখনও পর্যন্ত জীতু কমলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে টেলিপাড়া এখন দুভাগ, কেউ দিতিপ্রিয়ার পাশে, কেউ বা অপেক্ষায় জীতুর জবাবের।







