আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে! আবারও কি ভোট ঘিরে বাংলার হিংসার পরিবেশ কায়েম হবে? প্রশ্ন একাধিক। এসবের মধ্যেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে বড় ইঙ্গিত মিলল গতকাল। রাজ্য কমিশন সূত্রে খবর, মার্চ বা এপ্রিলেই হতে পারে পঞ্চায়েত ভোট। তৃণমূল আমলে এবারেও পঞ্চায়েত ভোট হতে চলেছে রাজ্য পুলিস দিয়েই।
অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উবাচ, ‘কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে উৎসব মিটলেই ফের আন্দোলনে নামার কথা বলা হয়েছিল। সেই মতোই নভেম্বর থেকে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে।’ পাখির চোখ এখন পঞ্চায়েত ভোটের দিকে। নভেম্বর থেকেই রাজ্যজুড়ে কোমরবেঁধে আন্দোলনে নেমে পড়ছে বঙ্গ-বিজেপি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গ্রামীণ বাংলায় ক্ষমতায় কারা থাকবে তা সম্বন্ধে মোটামুটি পরিস্কারভাবে জানা যায় পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে। তবে সেখানেও দুর্নীতির অভিযোগ বর্তমান। জানুয়ারিতে এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।






