যুবভারতী-কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যৌথ সাংবাদিক বৈঠকে একযোগে সুর চড়ে শাসকদলের বিরুদ্ধে। তৃণমূলকে নিয়ে শমীকের কটাক্ষ , “সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনেল মেসি। ভোটের তহবিলের জন্য তৃণমূল আর একটা অর্গানাইজড লুঠ করেছে।”
শমীক ভট্টাচার্য আরো বলেন, “যাঁরা প্রাতিষ্ঠানিক লুঠ করল তাঁরা কোথায়? মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে করেছে? এর মধ্যে গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে অব্যাহতি দিয়ে নাটক করা হচ্ছে। ডিজিকে কে পরিচালনা করে তো সরকার। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটা পদত্যাগপত্রও দিয়ে দিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। সেটা যদিও ঢেকেও ফেলেন তাও শাকটাকে ঢাকতে পারবেন না।”
পাশাপাশি মোহনবাগানকেও সতর্ক করেছেন শমীক ভট্টাচার্য । প্রসঙ্গত, শনিবার মেসির আসার দিন, যুবভারতীতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচ হওয়ার কথা ছিল । কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, যুবভারতীতে মুখোমুখি হয় মোহনবাগান ও ডায়মন্ড হারবার । এই প্রেক্ষাপটেই এদিন মোহনবাগানকে বার্তা দেন শমীক ভট্টাচার্য । তিনি বলেন, “মোহনবাগানের প্রতিটা সমর্থক, খেলোয়াড়ের কাছে আমি আবেদন করব এসবের মধ্যে ঢুকবেন না। মোহনবাগানের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে, একটা ঐতিহ্য আছে। এ সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না। এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে।”






