পছন্দের তারকার হঠাৎ অসুস্থতার খবরে চাঞ্চল্য অনুরাগীমহলে। আচমকা লো ব্লাড প্রেশারের সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রী শেহনাজ গিলকে। বর্তমানে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন তিনি, যদিও শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
শেহনাজকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন অভিনেতা করণ বীর মেহরা। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, “আপনারা সবাই শেহনাজের দ্রুত আরোগ্য কামনা করুন। ওর বর্তমান অবস্থা দেখলে বুঝবেন, কীভাবে শরীর ভেঙে পড়েছে।” ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাসপাতালে বিছানায় শুয়ে আছেন শেহনাজ, চলছে চিকিৎসা। তবে করণের কথায় হেসে ওঠেন তিনি, বলে ওঠেন— “ও আমাকে হাসানোর চেষ্টা করছে।”
‘বিগ বস’-এর মাধ্যমে সারাদেশে জনপ্রিয় হয়ে ওঠা শেহনাজ গিল নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি কলকাতায় নতুন একটি পাঞ্জাবি ছবির শুটিং শেষ করেছেন তিনি। সেই ব্যস্ততা কাটিয়ে ফেরার পরই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে শুভকামনার বন্যা— সবাই চাইছেন তাঁদের প্রিয় ‘শেহনাজ’ দ্রুত সুস্থ হয়ে পর্দায় ফিরে আসুন।







