এক সময় বাংলার ফুটবলে মহামেডান স্পোর্টিং ছিল আবেগের নাম, ছিল গর্বের প্রতীক। কিন্তু ২০২৫-এর কলকাতা লিগ যেন সেই ইতিহাসে গভীর কালো দাগ। ছয় ম্যাচে একটিও জয় নেই, পয়েন্ট টেবিলে সবার নিচে—সাদা-কালো ব্রিগেডের সামনে এখন শুধুই হতাশার চিত্র। সোমবার পিয়ারলেসের কাছে ০-১ হার, তাতেই ছন্দহীনতার ধারাবাহিকতায় নতুন অধ্যায় যোগ হল।
ম্যাচের আগেই ক্লাব তাঁবুতে জমায়েত করেছিলেন শতাধিক সমর্থক, ডেপুটেশন দিয়ে সরব হয়েছিলেন দলের শোচনীয় পারফরম্যান্সের বিরুদ্ধে। কিন্তু মাঠে নামার পর খেলায় দেখা গেল না কোনও লড়াই, কোনও জেদ। বরং গোটা ম্যাচে একঘেয়ে, মন্থর ফুটবল উপহার দিল মেহরাজউদ্দিন ওয়াডুর দল। পিয়ারলেসের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন মনোরঞ্জন সিং।
ছয় ম্যাচে মহামেডানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট, এসেছে একটি ড্র থেকে। বাকি পাঁচ ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। কোচ ওয়াডু ম্যাচের আগে ডুরান্ডের আত্মবিশ্বাসের কথা বললেও, বাস্তবে তা প্রতিফলিত হয়নি। চোট কাটিয়ে দলে ফেরা উপেন টুডুও পারেননি ফল ঘোরাতে।
ফুটবল বোঝে এমন কোনও দর্শকই খুঁজে পাচ্ছেন না, কীসের অভাবে ভেঙে পড়ছে দল। পরিকল্পনার স্পষ্ট অভাব, অনভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তার ঘাটতিই কি বারবার হার ডেকে আনছে? নাকি দল গঠনের স্তরেই ভুল? উত্তর খুঁজছেন সমর্থকরা। আপাতত একটাই প্রশ্ন—এই আঁধার কাটবে কবে?







