জেলারাজনীতি

ঘাটালে পথ অবরোধে বিজেপি, শুভেন্দুর ওপর হামলার প্রতিবাদে তপ্ত রাজ্য রাজনীতি

নিজস্ব সংবাদদাতা | ঘাটাল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামল বিজেপি। কোচবিহারে শুভেন্দুর গাড়ি ও পুলিশ কনভয়ের উপর হামলার অভিযোগে রীতিমতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা। এদিন ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ব্যস্ত রাজপথ।

বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি তীব্র ভাষায় রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যেখানে বিরোধী দলনেতা নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার কী হাল হতে পারে, তা সহজেই বোঝা যায়।”

শীতলবাবুর আরও অভিযোগ, এই হামলার নেতৃত্ব দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বক্তব্য, “এই হামলার নেপথ্যে উদয়ন গুহ রয়েছেন। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

পথ অবরোধ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। পাশাপাশি, উদয়ন গুহর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান তাঁরা।

বিজেপির দাবি, এই ঘটনা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। রাজ্যের পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, সমস্ত অভিযোগ মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের তরফেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.