রাজ্য

১২,৬০০ ফুট উচ্চতা থেকে নামল হুঙ্কার! চোখের পলকে হড়পা বানে গ্রাস ধারালী

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মঙ্গলবার যেন সাক্ষাৎ মৃত্যুর নেমে আসার দিন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,৬০০ ফুট উঁচুতে মেঘভাঙা বৃষ্টির পর হঠাৎই পাহাড়ের বুক চিরে ধেয়ে আসে হড়পা বান। ঘণ্টায় প্রায় ৪৩ কিলোমিটার বেগে নামা এই জল, পাথর ও কাদার স্রোত মাত্র ৩০ সেকেন্ডে তছনছ করে দেয় ধারালী গ্রাম ও হর্ষিল উপত্যকা। ক্ষীরগঙ্গা ধরে নেমে আসা এই প্রলয় স্রোতে সঙ্গে ভেসে আসে বিশাল বোল্ডার, পাথর ও কাদার স্তূপ, যা একের পর এক বাড়ি, হোটেল ও দোকানকে নিশ্চিহ্ন করে দেয়।

পর্যটকদের প্রিয় স্থান ধারালী মুহূর্তেই রূপ নেয় ‘মৃত্যুপুরী’-তে। যেখানে একসময় হোটেল, হোমস্টে আর রেস্তরাঁয় ভরা ছিল গ্রাম, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ ও কাদার স্রোত। শুধু ধারালী নয়, সুখী টপেও ঘটে মেঘভাঙা বৃষ্টি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। হড়পা বানের ধাক্কায় ভাগীরথীর প্রবাহ বন্ধ হয়ে তৈরি হয়েছে একটি অস্থায়ী ঝিল—যা ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা জাগাচ্ছে।

পাহাড় থেকে নেমে আসা পাথর-কাদার স্রোত প্রায় ১৩.৫ একর জমি গ্রাস করে ভাগীরথীতে মিশেছে। বাঁকযুক্ত পথের কারণে স্রোতের গতিপথ বদলে গিয়ে হেলিপ্যাড, সেনাছাউনি, কল্প কেদার মন্দির এবং ধারালী গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত হর্ষিল উপত্যকার ধারালী গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,০০৫ ফুট উঁচুতে অবস্থিত। হর্ষিল ও গঙ্গোত্রীর মাঝামাঝি এই গ্রামটি উত্তরকাশী থেকে প্রায় ৩ ঘণ্টার পথ। সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সালের জনগণনায় ধারালীতে ১৩৭ পরিবারের মোট ৫৮৩ জন বাসিন্দা ছিল। মঙ্গলবারের এই দুর্যোগে সেই স্বপ্নময় গ্রাম মুহূর্তেই পরিণত হয়েছে নিস্তব্ধ ধ্বংসভূমিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.