গত ২৭ সেপ্টেম্বর বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় করা কুরুচিকর মন্তব্যের জেরে গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুর চালানো হয়। এবার এন্টালি থানার পুলিশের জালে গ্রেফতার মূল অভিযুক্ত রাকেশ সিং।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তেজস্বী যাদবের নেতৃত্বে যখন বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ দ্বারভাঙা থেকে মুজাফফর যাচ্ছিল সেই সময় অশান্তির সূত্রপাত ঘটে। সেই মঞ্চে এক ২০ বছরের এক কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে। তারপরেই সেই অভিযোগে রীতিমতো তান্ডব চালানো হয় কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে। এরপর সেই দিনেই তার বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়।
সেই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। এছাড়াও ওই ঘটনায় উঠে আসে প্রতীক পাণ্ডে বলে আরো এক নেতার নাম। ট্যাংরার এক আবাসন থেকে পুলিশের জালে ধরা পরে এই ঘটনার মূল অভিযুক্ত রাকেশ সিং। পুলিশের তৎপরতায় মঙ্গলবার রাতেই গ্রেফতার হয় ধৃত রাকেশ সিং। পাশাপশি জালে আরো ৩। ধৃতদের নাম বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর ও দিব্যেন্দু সামন্ত। প্রত্যেকেই রাকেশ সিং-য়ের ঘনিষ্ঠ। এছাড়াও রাকেশের পুত্র শিবম সিংও এই অভিযুক্তদের তালিকায় রয়েছে। বুধবার তাদেরকে শিয়ালদহ আদালতে তোলা হয়েছে। একইসঙ্গে অন্যান্য ধৃতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।







