উচ্চ রক্তচাপ এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়। অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ, কম ঘুম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস— এসব কারণে কম বয়সিদের মধ্যেও বাড়ছে হাই ব্লাড প্রেসারের প্রবণতা। তাই নিয়মিত রক্তচাপ মাপলেও অনেকেই বুঝতে পারেন না রিপোর্টে দেখা সংখ্যাগুলোর প্রকৃত অর্থ কী।
রক্তচাপের রিডিং দুটি সংখ্যায় প্রকাশ করা হয়। প্রথমটি সিস্টোলিক প্রেসার, অর্থাৎ হৃদ্যন্ত্র রক্ত পাম্প করার সময়ের চাপ। দ্বিতীয়টি ডায়াস্টোলিক প্রেসার, অর্থাৎ হৃদ্যন্ত্র বিশ্রামে থাকাকালীন রক্তনালির চাপ। এই দুটি সংখ্যাই হার্টের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।
● ১১৮/৭৬ এমএমএইচজি:
এটি আদর্শ বা স্বাভাবিক রক্তচাপ। হৃদ্যন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে এবং রক্ত সঞ্চালনও ঠিক রয়েছে বলে ধরে নেওয়া হয়।
● ১৩৬/৮৮ এমএমএইচজি:
এটি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আতঙ্কিত হওয়ার প্রয়োজন না থাকলেও জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। লবণ কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম এবং ধূমপান-মদ্যপান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
● ১৪৮/৯২ এমএমএইচজি:
এটি উচ্চ রক্তচাপের স্পষ্ট লক্ষণ। রক্তনালির ওপর অতিরিক্ত চাপ পড়তে শুরু করে, ফলে ভবিষ্যতে হৃদ্রোগ, স্ট্রোক বা অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
● ১৬২/১০০ এমএমএইচজি:
এই রিডিং অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা, যেমন লিপিড প্রোফাইল ও হার্টের বিভিন্ন পরীক্ষা করানো উচিত। চিকিৎসা শুরু করতে দেরি হলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনির জটিলতার আশঙ্কা বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, একদিনের একটি রিডিং দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কয়েক দিন ধরে নির্দিষ্ট সময়ে রক্তচাপ মেপে গড় মান বিচার করা উচিত। যদি বারবার রক্তচাপ স্বাভাবিকের উপরে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।







