দুই মাস আগে জার্মানিতে গাঁটছড়া বাঁধা মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্র এবার দিল্লিতে আয়োজন করলেন বিবাহোত্তর সংবর্ধনার। রাজধানীর নামী ললিত হোটেলে সেই অনুষ্ঠানে হাজির হলেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতানেত্রীরা।
যেন এক ছাদের নিচে মিলল দেশের রাজনৈতিক মহল। রিসেপশন অনুষ্ঠানে নজর কাড়লেন নবদম্পতি। মহুয়া মৈত্র পরেছিলেন উজ্জ্বল লাল শাড়ি, সঙ্গে মানানসই সোনার গয়না। পাশে সাদা পাঞ্জাবিতে পিনাকী মিশ্র, তাঁর পোশাকেও ছিল লালের ছোঁয়া। দু’জনের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী এসেছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ইউসূফ পাঠান, সায়নী ঘোষ, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, সুস্মিতা দেব, কীর্তি আজাদ ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচিত মুখ।
তবে দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি চোখ এড়ায়নি, বিশেষত যখন তাঁর সঙ্গে মহুয়ার দ্বন্দ্ব বর্তমানে চরমে। শুধু তৃণমূলই নয়, রিসেপশনে দেখা গেল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী সাংসদ ডিম্পল যাদবকেও। এই রাজনীতিমুখর সন্ধ্যায় যেন এক মুহূর্তের জন্য ভেদাভেদের রেখা মুছে গিয়েছিল।







