পশ্চিমবঙ্গের নিজস্ব চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টলিউড দীর্ঘদিন ধরেই বলিউডের আধিপত্যের সঙ্গে লড়াই করছে। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এই সংঘাত আরও প্রকট হয়ে উঠেছে। হিন্দি বড়ো বাজেটের ছবিগুলির জন্য রাজ্যের প্রেক্ষাগৃহে বাংলা ছবির জায়গা ক্রমাগত কমে আসছে। বিষয়টি নতুন নয়, তবে সাম্প্রতিক ঘটনায় ক্ষোভ যেন সীমা ছাড়িয়েছে।
চলতি বছরের ১৪ অগস্ট মুক্তি পাওয়ার কথা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি ও এই ছবি ঘিরে দর্শকমহলে প্রত্যাশা তুঙ্গে। তবে সমস্যা শুরু হয়েছে ১৫ অগস্ট, অর্থাৎ ঠিক পরদিন হৃতিক রোশন এবং কিয়ারা আডবাণী অভিনীত বলিউডের অ্যাকশনধর্মী ছবি ‘ওয়ার ২’ মুক্তি ঘিরে। সূত্রের খবর, ‘ওয়ার ২’-এর পরিবেশকরা রাজ্যের একাধিক হল মালিকদের কাছে সাফ জানিয়ে দিয়েছেন, এই ছবি বাংলা কোনও সিনেমার সঙ্গে শো ভাগ করবে না। বিশেষ করে সিঙ্গল স্ক্রিন হলে ‘ওয়ার ২’-এর জন্য চারটি শোই রাখতে হবে। ফলে ‘ধূমকেতু’-র মতো বড়ো বাজেটের বাংলা ছবিও প্রেক্ষাগৃহে উপযুক্ত সময় পাচ্ছে না, বিশেষ করে প্রাইম টাইমে প্রদর্শনের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে উঠেছে।
এই পরিস্থিতি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির কলাকুশলীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চিঠি লিখে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে-সহ টলিউডের একঝাঁক প্রভাবশালী মুখ। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই হিন্দি ছবির প্রভাবের কারণে বাংলা ছবিগুলির বাণিজ্যিক ক্ষতি হচ্ছে, আর এখন ‘ওয়ার ২’-এর মতো বড়ো বাজেটের হিন্দি ছবি একচেটিয়া ভাবে শো দখল করলে তা বাংলা সিনেমার অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাড় করাবে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আগামী ৭ আগস্ট নন্দন-এ একটি বৈঠক ডেকেছেন। সেখানে উপস্থিত থাকবেন সরকারের শীর্ষ প্রতিনিধিরা, হল মালিকরা এবং টলিউডের বিশিষ্ট প্রতিনিধিরা। এই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। টলিউডের বহু কলাকুশলীর মতে, স্থানীয় ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানো রাজ্য সরকারের দায়িত্ব। নয়তো ভবিষ্যতে বাংলা সিনেমা হয়তো আরও কোণঠাসা হয়ে পড়বে নিজ রাজ্যেই। প্রেক্ষাগৃহে ন্যায্য জায়গা চেয়ে লড়াইয়ে নেমেছে গোটা বাংলা চলচ্চিত্র জগৎ। এখন দেখার, এই আন্দোলনে প্রশাসনের হস্তক্ষেপ কতটা কার্যকর হয়। আপাতত সমগ্র টলিউড তাকিয়ে ৭ আগস্টের সেই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকেই।







