সবকিছু যেন স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল—একটি সাক্ষাৎ, কিছু কথা, আর তারপর আচমকা উত্তপ্ত তর্ক। কয়েক মিনিটের মধ্যেই সেই ঝগড়া পৌঁছয় এক অকল্পনীয় পরিণতিতে। তিনতলার বারান্দা থেকে সোজা নিচে পড়ে গেলেন এক প্রেমিক যুগল। ঘটনাস্থলেই শেষ হয়ে যায় ২১ বছরের তরুণীর জীবন, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন তাঁর প্রেমিক।
ঘটনাটি ঘটে পেরুর এক আবাসনে। ২৭ বছরের হেনরি ম্যানুয়েল ডেল আগুইলা ম্যাসেডো দেখা করতে গিয়েছিলেন প্রেমিকা এমিলি ফিওরেলা মেগো ডিয়াজের কাছে। সাক্ষাতের কিছুক্ষণের মধ্যেই কোনও বিষয় নিয়ে শুরু হয় তর্ক, যা দ্রুত রূপ নেয় তীব্র ঝগড়ায়।
রাগের মাথায় হেনরি ঘর থেকে বেরিয়ে আসতেই পিছু নেন এমিলি। দৌড়ে গিয়ে পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরেন। কিন্তু অতিরিক্ত গতির ধাক্কায় দু’জনেই গিয়ে লাগে তিনতলার দুর্বল রেলিংয়ে। পুরনো ও ভাঙা রেলিং মুহূর্তে ভেঙে ছিটকে যান তাঁরা।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি, যা পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই হয়নি। হাসপাতালে নেওয়ার পর এমিলিকে মৃত ঘোষণা করা হয়, হেনরি এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
যে ঝগড়াটি হয়তো কিছু সময় পরে মিলিয়ে যেত, সেটিই চিরতরে আলাদা করে দিল দুইজনকে। এমিলির জন্য আর কোনও আগামী নেই, আর হেনরির জন্য বাকি জীবন হয়তো হয়ে থাকবে অনুশোচনার আর অপূরণীয় শূন্যতার ভার।







