দমদম স্টেশনে এসি লোকাল ট্রেনের উদ্বোধন ঘিরে রবিবার তপ্ত পরিস্থিতি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে স্লোগান-পালটা স্লোগানে মুহূর্তে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিক্ষোভে শামিল INTTUC কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। পাল্টা তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, “সরকারি অনুষ্ঠানে গুন্ডামি চালাচ্ছে তৃণমূল।”
বিক্ষোভের মাঝেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিস্ফোরক প্রস্তাব— শিয়ালদা স্টেশনের নাম বদলে রাখা হোক ‘শ্যামাপ্রসাদ মুখার্জী স্টেশন’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজ্যে জমি জটে আটকে রয়েছে ৬০টিরও বেশি রেল প্রকল্প।
বিতর্কের আবহেই উদ্বোধন হয় পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেনের। শিয়ালদা থেকে রানাঘাট রুটে চলবে ১২ কোচ বিশিষ্ট এই স্টেইনলেস স্টিলের আধুনিক ট্রেন। প্রতি কোচে ৯৬ আসন, মহিলা ও প্রবীণদের জন্য সংরক্ষিত আসন, স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি, উন্নত বায়ু সঞ্চালন ব্যবস্থা, রাবার মেঝে, লাগেজ র্যাক, জিপিএস-ভিত্তিক তথ্য প্রদর্শন এবং বড় ডাবল-সিল জানালার মতো সুযোগ-সুবিধা থাকবে।
ন্যূনতম ভাড়া ৩৫ টাকা, মাসিক ভাড়া শুরু ৫৯০ টাকা থেকে। পূর্ব রেল আশা করছে, এই সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা মুম্বইয়ের ধাঁচে শহরতলির যাত্রীদের কাছে বিপুল জনপ্রিয় হবে। আগামী সোমবার থেকেই শুরু হবে বাণিজ্যিক পরিষেবা।
যাত্রীদের ভাষায়— “লোকাল ট্রেনে ঘেমে-নেয়ে অফিস যাওয়ার দিন শেষ, এবার অফিসেই পৌঁছব ঠান্ডা হাওয়ায়।”







