মালদা: ফের এক বাংলাদেশি নাগরিক ধরা পড়ল সীমান্তে। শনিবার রাত, মালদহের বৈষ্ণনগর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে ২৫ বছরের জুয়েল রানাকে। ধৃতের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাহাপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক-৩ ব্লকের শাবদালপুর এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত বেআইনিভাবে অতিক্রম করে ভারতে ঢুকেছিল জুয়েল। সীমান্ত সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত যুবককে ঘোরাফেরা করতে দেখে সূত্র মারফত খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করেছে, গরু চুরি ও পাচারের উদ্দেশ্যেই সীমান্ত পেরিয়েছিল সে। রবিবার তাকে মালদা আদালতে পেশ করা হয়। পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে আদালতের কাছে।
সীমান্ত এলাকায় এই ধরনের অনুপ্রবেশ ও গরু পাচারের ঘটনা বারবার মাথাব্যথার কারণ হয়ে উঠছে নিরাপত্তা বাহিনীর কাছে।







